একরাম জুয়েল।।
কক্সবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৪ হাজার পিস ইয়াবাসহ সজীব পাল (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার পৌরসভার ঝাউতলা হলিডে মোড় এলাকায় এসএ পরিবহন (প্রা.) লিমিটেডের পার্সেল ও কুরিয়ার সার্ভিস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সজীব পাল কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকার সুধাংশু পালের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সজীব পালের হাতে থাকা একটি সাদা সিনথেটিক বস্তা তল্লাশি করা হয়। এ সময় ‘নিরাপদ স্যানিটারি ন্যাপকিন’ লেখা ৪০টি প্যাকেটের মাঝখানে পত্রিকার কাগজে মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়। পরে প্যাকেটটি খুলে স্কচটেপ ও টিস্যু পেপারে মোড়ানো সাতটি বান্ডেল উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবার মধ্যে চারটি বান্ডেলে নীল রঙের জিপারলক প্যাকেটে ৮ হাজার পিস এবং বাকি তিনটি বান্ডেলে কালো রঙের জিপারলক প্যাকেটে ৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। সব মিলিয়ে ১৪ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা উদ্ধার করা হয়, যার মোট ওজন ১ কেজি ৩৩০ গ্রাম।
এ সময় গ্রেপ্তার ব্যক্তির পরিহিত প্যান্টের পকেট থেকে একটি ভিভো ওয়াই-১৯ মডেলের স্মার্টফোনও জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান বাদী হয়ে গ্রেপ্তার সজীব পালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় কক্সবাজার সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল।
সম্পাদক: শাহাদাত হোছাইন
যোগাযোগ: +8801845111946
স্বর্বসত্ত্ব কক্স নিউজ টু ডে কতৃক সংরক্ষিত - site design by Montakim